ঘাটাইলে আসামি ধর্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘাটাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি রফিজ উদ্দিনের (অপু) ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল রবিবার উপজেলার রসুলপুর ইউনিয়নে তার বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। অপু ঐ ইউনিয়নের শালিয়াবহ নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

এলাকাবাসী জানান, অপু গত ৯ ফেব্রুয়ারি এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি মামলা হয়। গত বুধবার উপজেলার শালিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়। ঘটনার পর থেকেই অপু আত্মগোপনে চলে যান। স্থানীয় ইউপি সদস্য কুদরত আলী জানান, তার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সরকারি বনের আকাশমনি বাগানে একটি আম গাছের ডালে গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। এসআই মতিয়ার রহমান বলেন, লোকলজ্জার ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।