মাদক-জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান মোহাম্মদ নাসিমের

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি প্রতিটি জেলা-উপজেলায় মাদক ও জঙ্গি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। জাতিকে শিক্ষিত ও সুনাগরিক এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার শিক্ষক সমাজকে অতীতের যে কোনো সরকারের তুলনায় অধিক মূল্যায়ন ও মর্যাদা দিয়েছে। প্রতিটি বিদ্যাপীঠে যেন মানসম্মত পড়ালেখা হয় সে জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল রবিবার বিকেলে কাজিপুর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

কাজিপুর উপজেলার সকল সরকারি, বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। উদগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এ সভায় অন্যদের মধ্যে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন এম মনসুর আলী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, ঢাকার আইডিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল এবং  স্বাগত বক্তব্য দেন এম মনসুর আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙা।  পরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর স্ত্রী সাফিনা লোহানীর মৃত্যুতে শোক জানাতে তার বাসায় যান।

মতবিনিময় সভায় উপজেলার ৫৫ মাধ্যমিক স্কুল, ১৮ কলেজ এবং ১১ মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং সুপার উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের সমস্যা তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপার বক্তব্য দেন। তিনি ধৈর্য ধরে বক্তব্য শোনেন এবং শিক্ষাঙ্গনকে অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে রেখে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।