ভোটাররা ঘুম থেকে ওঠে না, তাই ভোট শুরু ৯টায় :ইসি

ভোটারদের ঘুম থেকে উঠতে দেরি হয় বলে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) সাধারণ নির্বাচন ও শূন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টার পরিবর্তে ৯টায় শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। রবিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এসব নির্বাচনের তপশিল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব একথা বলেন।

ভোট ৮টা থেকে ৪টার পরিবর্তে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ৮টায় ঘুম থেকে ওঠে না। এ জন্য ভোটারদের সুবিধার্থে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে ৫টা করা হয়েছে। সকালে ভোট হলে ভোটার উপস্থিতি কম দেখি। এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে—এ জন্য কমিশন এটা ৮টার পরিবর্তে ৯টা করেছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা ভোট দেওয়ার গোপন কক্ষে অবস্থান করেছে। এটা প্রতিরোধে এবার কী ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? জানতে চাইলে সচিব বলেন, এই ধরনের কাজ করার সুযোগ নাই। নির্বাচন করা একক কারো দায়িত্ব নয়। এটার দায়িত্ব নির্বাচন কমিশন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেসব প্রার্থী, তাদের সমর্থক, ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবার সমন্বিত দায়িত্ব।

চট্টগ্রাম সিটি নির্বাচনে সব দলই অংশ নেবেন—এমন আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, আমরা সবসময়ই শতভাগ আশাবাদী। আশা করতে তো কোনো সমস্যা নাই।