কর ফাঁকি ও অর্থ পাচারকারী বিদেশিদের চিহ্নিত করতে দুদকের তাগিদ

বাংলাদেশে থাকা বিদেশিদের মধ্যে যারা আয়কর ফাঁকি ও অর্থ পাচার করছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে তাগিদ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল রবিবার রাজধানীর মালিবাগে বিসিএস (কর) একাডেমি আয়োজিত দুদক কর্মকর্তাদের ‘আয়কর আইন ও বিধানাবলি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স’ ও উপকর কমিশনারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বৈধ বা অবৈধভাবে অনেক বিদেশি কাজ করছেন। তাদের অনেকেই আয়কর ফাঁকি দিচ্ছেন। অবৈধভাবে এ অর্থ পাচারও করছেন বলে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। এক্ষেত্রে আয়কর বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, নিয়োগকারী কর্তৃপক্ষ, ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে এদের চিহ্নিত করে আয়কর আদায় করতে পারে। যারা এভাবে আয়কর ফাঁকি দিয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারে।

তিনি আরো বলেন, যারা ব্যাংক থেকে জালিয়াতি করে অবৈধভাবে ঋণ নিয়ে পালিয়ে যাচ্ছেন, কর ফাঁকি দিয়ে জনগণের অর্থ আত্মসাত্ করছেন—আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের তাড়া করছি। আমরা শান্তিতে তাদের ঘুমাতে দিব না।

এনবিআর সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য (কর নীতি) আলমগীর হোসেন, দুদকের মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেল, বিসিএস কর একাডেমির মহাপরিচালক লুত্ফুল আজিম প্রমুখ।