করোনা ভাইরাস শনাক্তে ‘সর্বাধিক উন্নত কিট’ সরবরাহ করবে চীন

নতুন করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তে বাংলাদেশকে ৫০০ সেট সর্বাধিক উন্নত কিটস দিচ্ছে চীন সরকার। গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ কথা জানান। রাষ্ট্রদূত বলেন, খারাপ সময়েও চীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলে যায়নি। নতুন করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে ৫০০ টেস্ট কিট আনছে চীনা দূতাবাস। মঙ্গলবার কিটগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে।

এদিকে চীনে করোনা ভাইরাসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে দেশটি এই সংকট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে শি জিনপিংকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিটি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা স্বরূপ প্রধানমন্ত্রী কিছু মাস্ক ও চিকিত্সা সামগ্রী পাঠিয়েছেন বলে তিনি জানান।

সংসদ সদস্যের মানবপাচারের খবর ‘ফেক নিউজ’:পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মানবপাচারের সঙ্গে বাংলাদেশের একজন সংসদ সদস্যের সম্পৃক্ততাসংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ফেক নিউজ’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা শুনেছি এটা ‘ফেক নিউজ’। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আমাদের কূটনৈতিক মিশন ওখান থেকে কোনো খবর দেয়নি। আমরা এখনো জানি না। এটা বোধহয় কোনো একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে ঐ পত্রিকাই বলেছে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে।

ভাসানচর নিয়ে বিকল্প চিন্তা

ভাসানচরে রোহিঙ্গাদের না পাঠিয়ে বাংলাদেশিদের পাঠানো বা সেখানে একটি রিসোর্ট করার চিন্তা করা যায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাসানচর দেখে আমার খুব পছন্দ হয়েছে। ভাবলাম খামোখা অন্য লোকদের এখানে দেব কেন। তিনি বলেন, ‘ভাসানচরে বিরাট লেক আছে এবং রিসোর্ট হতে পারে। এটি অত্যন্ত সুন্দর জায়গা। শুধু রোহিঙ্গা পাঠানোর বিষয়টি না ভেবে আমরা বিকল্প চিন্তা করতে পারি। দেশে অনেক গৃহহীন আছে এবং ভাসানচরে অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, সেখানে অন্য লোকদের পাঠানোর জন্য আমি বলবো।