গান নিয়ে এখনো নিয়মিত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। তার সমসাময়িক অনেকেই এখন নিয়মিত না হলেও গান নিয়ে এখনো নিয়মিত আঁখি। একক গানের পাশাপাশি প্লেব্যাকেও পাওয়া যায় তাকে। কয়েক মাস আগেই হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর থেকে গানের প্রতি দাায়িত্ববোধটা আরো বেড়েছে তার। বর্তমানে স্টেজ শো ও নিজের একক গান নিয়ে ব্যস্ত রয়েছে তিনি। সম্প্রতি নতুন একটি গান প্রকাশ হলো আঁখির। ‘তোমার কারণে’ শিরোনামে গানটি ইউটিউবে প্রকাশ হয়। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটি প্রকাশের উদ্দেশ্যে রাজধানীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আঁঁখি আলমগীর, এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু, নির্মাতা ওসমান মিরাজ ও মডেল আরিয়ানা জামানসহ অনেকে। নতুন গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘একটি নতুন গান মানেই নতুন একটি সন্তান। তেমন যত্ন করেই কাজ করা চেষ্টা করি। এই গানটিও তেমন একটি গান। ব্যস্ততার কারণে মিউজিক ভিডিওতে থাকতে পারিনি। সবাইকে আমন্ত্রণ রইলো গানটি শোনার। আর নুতন একটি প্রতিষ্ঠান গানটি নিয়ে এসেছে। এটি আরো ভালো লাগার বিষয়। কারণ গানের অবস্থা পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার। একটি গান প্রকাশের জন্য অনেকের অবদান রয়েছে। সবাইকে নিজের জায়গা থেকে শতভাগ পরিশ্রম করলে আমরা হয়তো আরো ভালো জায়গায় আমাদের গানকে নিয়ে যেতে পারবো।’