হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঘাটাইলে বিক্ষোভ

নিখোঁজের ৭৩ দিন পর শাকিল খান (১৫) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধারের পর তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে অটোবাইক চালক সংগঠনের নেতা-কর্মী ও শাকিলের গ্রামবাসী। সমাবেশে শাকিলের হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়।

গত রবিবার দুপুর ১টার দিকে মধুপুর থানার অরণখোলা পাহাড়ের শালবনের ভেতর মাটিতে পুঁতে রাখা শাকিলের লাশটি ঘাটাইল থানা পুলিশ উদ্ধার করে। এরপর এলাকাবাসী ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এ ঘটনায় শাকিলের মোবাইলের সূত্র ধরে নলমা এবং পাড়াকুশারিয়া থেকে ৪ জনকে পুলিশ আটক করে। আটককৃতরা হলেন, নলমা  গ্রামের মোতালেবের ছেলে জমির উদ্দিন (৩০),আঃ মজিদের ছেলে আমির আলী (৩০), পাড়াকুশারিয়া  গ্রামের আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) ও সিরাজ খানের ছেলে শফিক (২৫)।

এদের স্বীকারোক্তি মোতাবেক ঘাটাইল থানা পুলিশ মধুপুর থানার অরণখোলা শালবনের ভেতর থেকে গত রবিবার শাকিলের হাড্ডিসার কংকাল মাটির নিচ থেকে উদ্ধার করে। পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে পিতা রহিজ খান শাকিলের লাশটি সনাক্ত করেন।

উল্লেখ্য, ১০ অক্টোবর বুধবার বিকেল ৪টার সময় অটোবাইক নিয়ে শাকিল প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে অটোবাইকসহ নিখোঁজ হয়।

আরও পড়ুনঃ জয়পুরহাটে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা, গ্রেফতার-২

ঘাটাইল থানার ওসি (তদন্ত ) এনামুল হক চৌধুরী জানান, 'আটক ব্যক্তিদের তথ্যমতে শাকিলের লাশ এবং অটোবাইকটি জামালপুর জেলা সদর থেকে উদ্ধার করা হয়।'

ইত্তেফাক/নূহু