হিন্দু সম্প্রদায়কে বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সব সময় আপনাদের (হিন্দু সম্প্রদায়) সঙ্গে আছি। আপদে-বিপদে, সুখে-দুঃখে থাকবো। আমাদের ওপর আস্থা রাখুন।হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধসহ সকল ধর্মের সাথে বিএনপির সৌহাদ্যপূর্ণ সর্ম্পক। সে সর্ম্পক অটুট রাখতে চাই। আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় এলে দুর্গা পূজায় সরকারি ছুটি ৩ দিনসহ তাদের দাবি পূরণ করা হবে।
গতকাল সোমবার রাতে গুলশানে বাংলাদেশ জাতীয় হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্যপরিষদের সঙ্গে দলীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি নেতা অ্যাডভোকেট দীনবন্ধু রায়, গোবিন্দ চন্দ্র প্রমানিক, নৃপেন চন্দ্র সরকার, ড. সোনালী রানী দাশ, ডা. এমকে রায়, বিধান বিহারী গোস্বামী, সুব্রত কুমার দাশ, প্রতিভা, প্রশান্ত হালদার প্রমুখ।