লাইফ জ্যাকেট বাধ্যতামূলক হোক

ভ্রমণপিপাসু মানুষ মনের প্রশান্তির জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। কখনো সমুদ্রে, কখনো পাহাড়ে, কখনো চা বাগানে অথবা কখনো হ্রদে। শহরের কর্মজীবী মানুষগুলো প্রকৃতির কাছে গিয়ে একান্তে কিছু সময় তাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে চায়। যাঁরা ছোটোবেলা থেকে শহরের পরিবেশে বড়ো হয়েছেন তাঁদের অনেকে সাঁতার জানেন না। এই সাঁতার না জানারা যখন পর্যটক হিসেবে কোনো হ্রদে বা সমুদ্রপথে বেড়াতে যান তখন একটা ভয় থেকে যায়। তাদের ভাড়া করা নৌকা দুর্ঘটনায় পড়লে তাদের অবস্থা খুব খারাপ হয়। আবার যে সব মহিলা বোরকা অথবা শাড়ি পরেন, তাঁদেরও সাঁতার কাটতে অসুবিধা হয়। শিশুদের অবস্থাও একই রকম। তারাও সাঁতার কাটতে পারে না। লাইফ জ্যাকেট এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জ্যাকেটের সাহায্যে দুর্ঘটনাকবলিত মানুষগুলো পানিতে ভেসে থাকার চেষ্টা করতে পারেন। গত ১৪ ফেব্রুয়ারি কাপ্তাই লেকে বেশ কয়েকজন পর্যটকের মর্মান্তিক মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার বা স্টিমারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকলে পর্যটকরা নিরাপদ থাকবেন। নৌপথে রাঙ্গামাটি, কাপ্তাই, সেন্টমার্টিন, মহেশখালী এবং বাংলাদেশের অন্যান্য পর্যটন এলাকাতে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট বাধ্যতামূলক সঙ্গে রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া খুবই দরকার।  এই ব্যাপারে প্রশাসনসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

রূপম চক্রবর্ত্তী

পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম