সাত ফুট লম্বা অজগর সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রাম থেকে উদ্ধার হওয়া সাত ফুট লম্বা একটি অজগর সাপ সোমবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঐ গ্রামের সাখাওয়াত হাওলাদারের বাড়ির বাগান থেকে অজগরটি স্থানীয়রা ধরে ওয়াইল্ড টিমের সদস্যদের কাছে হস্তান্তর করে। ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, সাখাওয়াত হাওলাদারের পোষা হাঁস-মুরগি বাগানে গেলে আর ফিরে আসত না। গত এক সপ্তাহে তার পাঁচ-ছয়টি হাঁস-মুরগি নিখোঁজ হয়েছে। ঐদিন বিকাল ৪টার দিকে মুরগির চ্যাঁচামেচি শুনে গৃহকর্তা বাগানে গিয়ে ঝোপের মধ্যে সাপটি দেখতে পান। পরে লোকজন নিয়ে সেটি ধরে ফেলেন। সুুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, প্রায় সাত ফুট লম্বা অজগরটি সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।