লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রকল্পের নামে ঋণ দেওয়ার কথা বলে চার শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ‘পল্লী উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি সঞ্চয় ও ঋণদান সংস্থা। চার শতাধিক গ্রাহক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর তারা লাপাত্তা হয়ে যায়।
গত রবিবার দুপুরে পৌর শহরের মেহের খাঁ সড়কের পাশে (আবাস ভবন) ঐ ঋণদান সংস্থার কার্যালয়ে ঋণ নিতে এসে গ্রাহকরা কার্যালয়ে তালা ঝুলতে দেখেন। এ সময় শত শত গ্রাহক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। প্রতারণার শিকার উত্তর জয়পুর ইউনিয়নের নুরুল হুদা, সিপন-১, সিপন-২ ও লোকমান জানান, ১ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা রুবেল, কোষাধ্যক্ষ জামাল সিকদার ও মাঠকর্মী এক নারী তাদের কাছ থেকে ১০ হাজার ১৫০ টাকা হারে জামানত নেন। আবাস ভবনের মালিক মো. ফারুক জানান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন একটি এনজিও সংস্থা সোমবার ভাড়া নেওয়ার ব্যাপারে চুক্তি হওয়ার কথা ছিল।
বটতলী গ্রামের আবদুর রহমান জানান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের লোকজন বটতলী কোটাবাড়ি এলাকার তিনিসহ চারটি পরিবারকে ঋণ দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা নিয়েছে; কিন্তু এখন ঋণের টাকা নিতে এসে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী বলেন, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামের আমাদের তালিকাভুক্ত কোনো এনজিও বা ঋণদান সংস্থা নেই। তবে গ্রহকরা অভিযোগ করলে এসব প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজসেবার অনুমোদনকৃত কোনো সংস্থা ঋণ দিতে পারবে না বলে জানান তিনি।