শাহাদাৎ হোসেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন: আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘সদ্য প্রয়াত শাহাদাৎ হোসেন ছিলেন একজন সৎ, যোগ্য, কর্মঠ জনপ্রতিনিধি। দীর্ঘ সময়কালে তিনি আমার কাছে নির্ভরযোগ্য, আস্থাভাজন এবং ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে মৃত্যুর আগে পর্যন্ত আমার সাথে ছিলেন। বিপদে-আপদে তিনি আমার সাথেই ছিলেন। তিনি আমাকে কখনো ত্যাগ করেন নি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত হয়ে সরকারি ও আমার ব্যক্তিগত বিভিন্ন বরাদ্দ, ত্রাণ সামগ্রী অত্যন্ত কঠোর সততা ও নিষ্ঠার সাথে বিতরণ করেছেন। এলাকায় উন্নয়নের ব্যাপারে তিনি সব সময় আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং আমার সাথে পরামর্শ করতেন। তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করনে নি। যারা জনসেবা করেন তাদের ওপর আল্লাহর রহমত থাকে। তার ওপরও আল্লাহর রহমত বর্ষিত হবে।’

জাতীয় পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে ভাণ্ডরিয়ায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরুর। এ সময় বক্তব্য দেন- মরহুমের বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক, যুব লীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু ও যুগ্ম আহ্বায়ক লিটন পেশকার, জেপি নেতা মোস্তফা সিকদার প্রমুখ।

আরো পড়ুন: কাউখালীতে বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা

দোয়া মাহফিলে আরো অংশ নেন জেপি নেতা ইউসুফ আলী আকন, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার ও নিজামুল হক নান্না, মরহুমের মেঝ ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয় পার্টি জেপি উপজেলা মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, রোকেয়া বেগম প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ