নারী ক্রিকেট বিশ্বকাপ

বর্তমানেই চোখ সালমাদের

স্পোর্টস রিপোর্টার

এবার বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এই ভারতের বিপক্ষে জিতে গত বছর এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সে কথা মনে করলে বাংলাদেশ দলের অনুপ্রাণিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন বলেছেন, তারা বর্তমান নিয়েই চিন্তা করছেন।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে ‘এ’ গ্রুপে। এখানকার সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপে বাংলাদেশের সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে; পার্থে। ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গতকাল সিডনিতে আইসিসি আয়োজিত বিশ্বকাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে কথা বলেছেন সালমা। সেখানে বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় তাদের প্রেরণা দিচ্ছে। ভারতকে হারানোর অভিজ্ঞতাও তাদের সুখের একটা স্মৃতি। কিন্তু এখন তারা বিশ্বকাপ নিয়েই ভাবছেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়টা দারুণ একটা ব্যাপার ছিল। আমরাও বিশ্বকাপের জন্য প্রস্তুত। এশিয়া কাপে ভারতকে হারিয়ে ট্রফি জেতাটা দারুণ অভিজ্ঞতা ছিল। কিন্তু এখন আমাদের মনোযোগ বিশ্বকাপে।’

বাংলাদেশ দলটির অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই। সে জন্য ৩ ফেব্রুয়ারি থেকে সেখানে ক্যাম্প করছে দলটি। তবে এর মধ্যে দলের সদস্য রুমানা আহমেদের এই দেশটিতে খেলার অভিজ্ঞতা আছে। তিনি ২০১৭ সালে আইসিসির রুকি প্রকল্পের আওতায় এখানে বিগ ব্যাশে ছিলেন। রুমানা সেই অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, ‘এখানে খেলতে আসাটা আমার জন্য অনেক বড়ো অভিজ্ঞতা ছিল। ওটা ছিল আমার অস্ট্রেলিয়ায় আসতে পারার প্রথম অভিজ্ঞতা। আমি এখানে অনেক কিছু শিখেছি। বিশেষ করে বড়ো দলগুলোর অনুশীলন দেখে।’