কঠিন সময় পার করছে চীন হুবেই অবরুদ্ধ ঘোষণা

কঠিন সময় পার করছে চীন। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। মৃতের সংখ্যা ১০৫ জন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫। চীনের হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা তিন দিন কমার পর ফের বাড়তে শুরু করেছে। রবিবার আরো ২ হাজার ৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৯ জন। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জন। এমন পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার কমাতে হুবেই প্রদেশকে এবার অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন সরকার। ফলে সেখানকার অন্তত ৫ কোটি ৮০ লাখ বাসিন্দা বিশেষ অনুমতি ছাড়া আর বাইরে যেতে পারবেন না। বন্ধ থাকবে সব ধরনের ব্যবসা-বাণিজ্য। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়িও বের করতে দেওয়া হবে না তাদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার কাগুজে নোট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।

হুবেই প্রদেশের উহান শহর থেকেই গত বছরের শেষে করোনা ভাইরাস ছড়াতে শুরু করে। দেড় মাস পেরিয়ে গেলেও এ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চীনে বিপুলসংখ্যক শিল্পকারখানা বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা বাড়ছে, জাপান আর সিঙ্গাপুর পড়েছে মন্দার ঝুঁকিতে।

প্রতিবেশী তাইওয়ানে গত রবিবার প্রথম এ ভাইরাসে আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে ফ্রান্স, হংকং, ফিলিপিন্স ও জাপানে চার জনের প্রাণ গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে। তাদের বেশির ভাগই চীন থেকে সংক্রমণ নিয়ে অন্য দেশে গেছেন।

এদিকে করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশে চীনা পণ্যের মূল্য বেড়েছে। বিশেষ করে অশান্ত হতে শুরু করেছে বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্যের বাজার। ইতিমধ্যে প্রযুক্তি পণ্যের দাম বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ। আশঙ্কা আছে চাহিদার অনুপাতে পণ্য সরবরাহের সক্ষমতা নিয়েও। আর বাংলাদেশিদের চীনের ভিসা আবেদনের হার প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

রক্ত পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে রংপুরে চিকিত্সাধীন চীনা নারীর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, রংপুরে চিকিত্সাধীন চীনা নারীর রক্ত পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। অর্থাত্ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। চীনের এই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রবিবার দুপুর ২টার দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা ভাইরাসের কারণে জাপানের সাগরে আলাদাভাবে নোঙর করে থাকা প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেসের ৪০০ মার্কিন যাত্রীকে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার সকালে দুটি বিশেষ উড়োজাহাজে তাদের নিয়ে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ৩ হাজার ৭০০ আরোহী নিয়ে ওই প্রমোদতরি গত ৩ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামা বন্দরে নোঙর করে আছে পর্যবেক্ষণের জন্য। হংকং থেকে ওঠা এক চীনা যাত্রীর মাধ্যমে সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ডায়মন্ড প্রিন্সেসের ৩৫৫ যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জাপান সরকার জানিয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেইয়ের বরাত দিয়ে দেশটির সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সব ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

চীন-সিঙ্গাপুর থেকে আসলেই করোনায় আক্রান্ত—এমন নয়

চীন বা সিঙ্গাপুর থেকে যে কেউ আসলেই যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত—এমন ভাবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশের মধ্যে এ নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীন বা সিঙ্গাপুর ফেরত যাত্রীরা করোনা ভাইরাসে আক্রান্ত তা কিন্তু নয়, এটা আমরা বার বার বলছি। এজন্য বার বার বলা হচ্ছে যারা চীন বা সিঙ্গাপুর থেকে আসছেন তারা বিরূপ অবস্থার মধ্যে পড়ছেন। চীনের কিন্তু আরো প্রদেশ আছে, সেখানে কিন্তু এ ভাইরাস ছড়ায়নি।

আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, ‘করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে চীন ফেরত এক মেডিক্যাল শিক্ষার্থীকে নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তোলপাড় চলছে। দুই দফায় তিনি হাসপাতাল ছেড়ে চলে গেলেও পুলিশের মাধ্যমে তাকে খুঁজে আনা হয়েছে। তাকে সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

ঐ ছাত্র চীনের জিয়াংসুতে একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন। গত ৮ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। ১৪ ফেব্রুয়ারি তিনি জ্বর, কাশি ও ঘাড় ব্যথা অনুভব করেন।

করোনা ভাইরাস সন্দেহে বরগুনা হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহ

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, বরগুনা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে চিকিত্সাধীন চীন ফেরত শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে আইইসিডিআর’র ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান। 

স্বাস্থ্য সংসদীয় কমিটির সন্তোষ প্রকাশ

করোনা ভাইরাস মোকাবিলায় যেসব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি।