মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে:২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একই সময় কালো ব্যাজ ধারণ করে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত শেষে শহিদ মিনার অভিমুখে যাত্রা এবং শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন। এছাড়া মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা সভায় বক্তব্য রাখবেন। দিবসটি উপলক্ষ্যে সারাদেশে ২১ ফেব্রুয়ারি দলের জেলা/মহানগর/উপজেলা/থানাসহ বিভিন্ন ইউনিটের কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।