ভারতে এবার সেনাপ্রধান হতে পারবেন নারীরা

ভারতে এবার সেনাপ্রধান হতে পারবেন নারীরা। গতকাল ভারতের সুপ্রিম কোর্টের এক অতি গুরুত্বপূর্ণ রায়ে ভারতীয় সেনাবাহিনীতে নারী কর্মকর্তাদের ‘অধিনায়কত্বের পদে’ বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাহিনীর যুদ্ধ বিভাগগুলোতে তারা এখনই ঢুকতে পারছেন না।

ভারতীয় সেনাবাহিনীর জন্য যুগান্তকারী এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, মহিলা অফিসাররাও এখন থেকে পুরুষদের মতোই বাহিনীর নেতৃত্বদানকারী ভূমিকায় যেতে পারবেন। মহিলা অফিসারদের ‘কম্যান্ড পোজিশনে’ যাওয়ার বিরোধিতা করে সরকার এর আগে আদালতে যুক্তি দিয়েছিল, পুরুষ সৈন্যরা এখনো নারী কমান্ডারের আদেশ মানতে মানসিকভাবে প্রস্তুত নয়।  রায়ে সেই বক্তব্যেরও তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত। আর রায়ের প্রতিক্রিয়ায় ভারতীয় সেনার নারী কর্মকর্তারা বলছেন, যুগ যুগ ধরে সেনাবাহিনীতে যে লিঙ্গ বৈষম্যর সংস্কৃতি চালু আছে এখন তার অনেকটাই অবসান হবে। -বিবিসি