পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ নিহত ৭

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ সাতজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে হামলাটি হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় গোষ্ঠীর সমাবেশ ছিল। সমাবেশস্থলে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকে দিলে মুহূর্তের মধ্যে সে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীসহ সাতজন নিহত হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, তার দেশ এখন আর জঙ্গিদের নিরাপদ আস্তানা নয়। পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খান বলেন, আমি আপনাদের বলতে পারি যে, জঙ্গিদের কাছে পাকিস্তান আর নিরাপদ ঘাঁটি নয়। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। -ডন ও এএফপি