চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী রেজাউল করিমকে জয়ী করতে যতটুকু সামর্থ্য আছে তার শতভাগ উজাড় করে দেবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন, তাকে বিজয়ী করার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে তার শতভাগ উজাড় করে দেব। জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাব। প্রধানমন্ত্রীকে সিটি মেয়র পদটি উপহার দেব।
গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে নিজ বাসভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, রেজাউল করিম ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে। গতকালও আমরা কথা বলেছি। আগামী পরশুদিন তিনি চট্টগ্রামে আসবেন। তাকে রেল স্টেশন চত্বরে আমরা বরণ করে নেব। এরপর নগর আওয়ামী লীগের নেতারা সবাই তার সঙ্গে বসে কীভাবে সিটি নির্বাচন পরিচালনা করা হবে তার কৌশল ঠিক করব। পরিকল্পনা নেব।