দর্শনা সরকারি কলেজের ছাত্র যেভাবে পুলিশের গুলিতে আহত হলো

দামুড়হুদার দর্শনা সরকারি কলেজের ম্যানেজমেন্টের ফাইনাল বর্ষের ছাত্র খালেদুজ্জামান টিটু (২৪) রবিবার রাতে পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে পারিবারিকভাবে সাংবাদিকদের জানানো হয়েছে। পুলিশ পাহারায় সে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐদিন সন্ধ্যার দিকে দর্শনা-জীবননগর সড়কের উথলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত এবং ১৩ থেকে ১৪ জন যাত্রী আহত হয়েছে এমন খবর শুনে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ও এলাকার কয়েক শত মানুষ ঘটনা স্থলে যায়। এলাকাবাসীরা সাংবাদিকদের জানান এ সময় কে বা কারা সহকারী পুলিশ সুপারের (সার্কেল) জিপগাড়ি লক্ষ করে ঢিল ছুঁড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়।

গাড়ির গ্লাস ভেঙ্গে গেলে স্থানীয় উপস্থিত লোকজন ভয়ে যে যার মতো চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সন্দেহ হলে দর্শনা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র খালেদুজ্জামান টিটুকে মোটরসাইকেলসহ আটকের চেষ্টা করে। টিটু কিছু না বুঝেই দ্রুত মোটরসাইকেল নিয়ে দর্শনার দিকে আসে। পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তার মোটরসাইকেলের পিছু নেয়। 

দর্শনা ফিলিং স্টেশনের মোড় পার হয়ে মোটরসাইকেলটি চেকপোস্ট সড়ক দিয়ে সীমান্তের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। একটা গুলি টিটুর পায়ে লাগে। সে পড়ে যায়। পরে পুলিশের গাড়িতে করেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

অনেকে টিটুকে ছাত্রলীগ নেতা ও কর্মী বলে দাবি করলেও দর্শনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আসলাম আলি তোতা ও দর্শনা কলেজের সাবেক ছাত্রলীগে নেতা প্রকাশ বিশ্বাস জানান, 'টিটু আওয়ামী লীগ পরিবারের ছেলে এবং ছাত্রলীগ সমর্থিত।'

এদিকে ঘটনার পর পারিবারিকভাবে সাংবাদিকদের জানানো হয়েছে 'দর্শনা সরকারি কলেজের ম্যানেজমেন্টের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র টিটু উথলী সড়কে দুর্ঘটনা দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার কবলে পড়েছে।'

আরও পড়ুনঃ পটুয়াখালী-৪: আসন দখলে মরিয়া আওয়ামী লীগ, বিএনপি চায় পুনরুদ্ধার

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেল সাংবাদিকদের জানান, 'দুর্ঘটনা কবলিত এলাকা থেকে রাত ৯টার দিকে আমি চুয়াডাঙ্গা ফেরার পথে দুর্বৃত্তরা আমার গাড়িতে বোমা হামলা করে পালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ গুলি চালায়। গুলিতে আহত ব্যক্তিকে আটক করা হযেছে, তার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। তবে আমরা বেচে গেলেও আমার ব্যবহৃত গাড়ির গ্লাস ভেঙ্গে বেশ ক্ষতি সাধন হয়েছে।

ইত্তেফাক/নূহু