ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

সজিব ঢাকা ইপিজেড এর একটি কারখানায় কাজ করে। সজিবের গ্রামে ব্যাংক ও পোষ্ট অফিস না থাকায় বাড়িতে বেতনের টাকা পাঠানো কষ্টকর হয়ে পড়ে। অথচ তার সহকর্মী চৈতি সজিবের ইপিজেড এর পাশে একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলতে পারে। সম্প্রতি সজিবের গ্রামটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। এতে সজিব তার সমস্যা সমাধানে আশাবাদী।

 

(ক) ই- বিজনেস কী?    ১

(খ) মোবাইল ব্যাংকিং অধিক জনপ্রিয় হচ্ছে কেন ?               ২

(গ) চৈতির ব্যবহূত কার্ডটির ধরন ব্যাখ্যা কর।       ৩

(ঘ) তুমি কী মনে কর সজিবের গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তার সমস্যার সমাধান সম্ভব ? যুক্তিসহ মতামত দাও।   ৪

 

উত্তর :ক

প্রতিষ্ঠানের অভ্যন্তরীন ও বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে ICT  নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে উত্পাদন ও বণ্টন সংক্রান্ত সকল ব্যবসায় কার্যক্রম পরিচালনাকেই ই-বিজনেস বলে।

 

উত্তর :খ

তার বিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে।

ব্যাংকের আর্থিক ও হিসাব সংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার ও লেনদেন করার চমত্কার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকি ব্যবস্থা। বাংলাদেশে  ব্রাক ব্যাংক বিকাশ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ২৪ ঘণ্টা হাতের মুঠোর মধ্যে ব্যাংকিং সুবিধা তাই তা অধিক জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ হবে এটাই স্বাভাবিক।

 

উত্তর :গ

চৈতির ব্যবহূত কার্ডটি ডেবিট কার্ড।

ব্যাংক জমা থেকে অর্থ উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাষ্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। ডেবিট কার্ড ব্যবহারের জন্য কার্ডের সাথে একটি ব্যক্তিগত গোপন কার্ড নম্বর প্রদান করা হয়। ডেবিট কার্ডের প্রধান সুবিধা হলো এর মাধ্যমে পণ্য ক্রয়, অর্থ উত্তোলন, অর্থ জমা, বিল পরিশোধ ইত্যাদি কাজ করা যায়। তাছাড়া প্রয়োজনে হিসাবের ব্যালেন্স ও জানা যায়।

উদ্দীপকে চৈতি তার বেতনের টাকা অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে সংগ্রহ করে। এই কার্ডটিকে ডেবিট কার্ড বলে। এটি এক ধরনের প্লাস্টিক কার্ড, যা ব্যবহার করে এর গ্রাহক ATM বুথ থেকে টাকা উত্তোলন ও ফান্ড ট্রান্সফার করতে পারে। যেমনি চৈতি তার বেতন উত্তোলনের ক্ষেত্রে করেছে। গ্রাহক ব্যাংকে না গিয়ে নির্দিষ্ট ব্যাংকের বুথ অথবা অনুমোদিত অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে যেকোনো সময়, যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে। তাই নি:সন্দেহে বলা যায় চৈতির ব্যবহূত কার্ডটি হলো ডেবিট কার্ড।

 

উত্তর :ঘ

সজিবের গ্রামে সম্প্রসারিত মোবাইল নেটওয়ার্কের সাহায্যে তার সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি।

উদ্দীপকে দেখা যায়, সজিবের গ্রামে ব্যাংক ও পোস্ট অফিস নেই। তাই তার একমাত্র লেনদেন করার মাধ্যম হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন। মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা। যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সঙ্গে আর্থিক সেবা ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব।

তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সেবা প্রদান করা সম্ভব। যেমন: টাকা জমাদান, উত্তোলন, পণ্য বা সেবা ক্রয়ের মূল্য পরিশোধ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ, বেতন/ভাতা বিতরণ, বৈদেশিক আয়, সরকারি বেতন ও ভাতাদি বিতরণ ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

সজিবের গ্রামে ব্যাংক ও পোষ্ট অফিস না থাকায় টাকা পাঠানো কষ্টকর হয়ে পড়ে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি দ্রুত ও স্বল্প খরচে অর্থ গ্রামে পাঠাতে পারেন। এতে ২৪ ঘণ্টাা হাতের মুঠোর মধ্যে ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। সজিবের গ্রামে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় খুব সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি তার বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবেন