৩৫ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংক পুনর্গঠনের অংশ হিসেবে অন্তত ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) কর্তৃপক্ষ। আগামী ২০২২ সালের মধ্যে ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির সংবাদ অনুযায়ী—এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা আর ইউরোপের অর্ধশতাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন। শুধু যুক্তরাজ্যেই এর কর্মীসংখ্যা ৪০ হাজারের বেশি। এইচএসবিসির এই ছাঁটাইয়ের কবলে পড়বেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তাদের ব্যাংকিং-বিনিয়োগ ব্যবসার সঙ্গে জড়িত অনেক কর্মী। ব্যাংকটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন বলেছেন, বর্তমানে এইচএসবিসির কর্মীসংখ্যা ২ লাখ ৩৫ হাজার। আগামী তিন বছরের মধ্যে তা ২ লাখে নামিয়ে আনা হবে। ব্যাংকটি গত বছর ২০১৯ সালে কর পরিশোধ ছাড়া মুনাফা করেছে ১ হাজার ৩৩৫ কোটি ডলার। মূলত ইউরোপে বিনিয়োগ আর বাণিজ্যিক কার্যক্রম প্রত্যাশিত না হওয়ায় ৭৩০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে তারা। তবে ৩৫ হাজার ছাঁটাই হলে ব্যাংকটির ১৫ শতাংশ কর্মী কমে যাবে।