ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে এক ঘর থেকে স্বামী রাজীব বিশ্বাস (৩৪) ও স্ত্রী স্মৃতি বণিকের (২২) লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত স্মৃতি বণিকের ভাই নিলয় বণিক বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। সোমবার রাতে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রাজীব ও স্মৃতির লাশ উদ্ধার করা হয়। স্মৃতি বণিক গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী উত্তরপাড়া গ্রামের খোকন বণিকের মেয়ে এবং রাজীব বিশ্বাস একই উপজেলার খালখোলা গ্রামের মৃত নিরাঞ্জন বিশ্বাসের ছেলে। ফরিদপুর কোতয়ালি থানার ওসি মোর্শেদ আলম বলেন, তাদের মৃত্যুর ধরন দেখে ধারণা করা যাচ্ছে, রাগারাগির এক পর্যায়ে মাথায় আঘাত করায় মারা যান স্মৃতি। স্মৃতির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, স্মৃতির মৃত্যুর পর রাজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।