নিখোঁজের চার দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার

কর্ণফুলীতে নৌকাডুবি

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজের চার দিন পর রাঙ্গুনিয়া সরফভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুই জনের লাশ উদ্ধার করা হয়।

১৪ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীতে চট্টগ্রাম থেকে আসা কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকনের ৫৩ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা স্রোতের তোড়ে ডুবে গিয়ে তিন জন নিখোঁজ হয়। পরে একই দিন বিকাল ৪টার দিকে দেবলীলা (১০) নামের এক জনের মরদেহ উদ্ধার করা হলেও একই পরিবারের মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার নৌকাডুবির ঘটনায় প্রথম দিন এক জনকে উদ্ধার করা হলেও দুই জন নিখোঁজ ছিলেন। চার দিন পর মঙ্গলবার রাঙ্গুনিয়া সরফভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।