কলেজ-মাঠে পশুর হাট!

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে চাতলপাড় ডিগ্রি কলেজ দীর্ঘ ২৯ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে। শিক্ষার্থীসংখ্যা ছয় শতাধিক। আক্ষেপের বিষয় হচ্ছে, কলেজ-মাঠে প্রতি বুধবার পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বসানো হয় পশুর হাট। এছাড়া ঈদ-উল-আজহা উপলক্ষ্যে স্থানীয় প্রভাবশালীরা কলেজ-মাঠে বসায় অতিরিক্ত হাট! পশুর হাটের কারণে এক বছরে কলেজটির পাঠদান কার্যক্রম বন্ধ থাকে প্রায় (৪–১২=৪৮+অতিরিক্ত ১২) ৬০ দিন। আরো পরিতাপের বিষয হচ্ছে, হাটের পরের দিন পশুর মলমূত্রের দুর্গন্ধে অনেক শিক্ষার্থী কলেজে আসে না। নিয়মিত খেলাধুলাও করতে পারছে না শিক্ষার্থীরা! কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য অবশ্যই শিক্ষাদান, পশুর হাট জমিয়ে ব্যবসা করা নয় নিশ্চয়ই। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া