শিল্পকারখানায় দুই মাসের মধ্যে স্থাপন করতে হবে ব্রেস্ট ফিডিং কর্নার

বাস্তবায়নের প্রতিবেদন দিতে

হবে হাইকোর্টে

ইত্তেফাক রিপোর্ট

দেশের সব শিল্প কারখানা ও গার্মেন্টসগুলোতে দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উক্ত সময়ের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ?্যাডভোকেট ইশরাত হাসান। তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর শিশু কক্ষ সংক্রান্ত ৯৪ (৭) ধারায় বলা হয়েছে, উক্ত রূপ কোনো কক্ষ যথেষ্ট আসবাবপত্র দ্বারা সজ্জিত থাকবে এবং বিশেষ করে প্রত্যেক শিশুর জন্য বিছানাসহ একটি খাট বা দোলনা থাকবে এবং প্রত্যেক মা যখন শিশুকে দুধ পান বা পরিচর্যা করবে, তখন তার ব্যবহারের জন্য অন্তত একটি চেয়ার বা এই প্রকারের কোনো আসন থাকতে হবে এবং তুলনামূলকভাবে বয়স্ক শিশুদের জন্য যথেষ্ট ও উপযুক্ত খেলনার সরবরাহ থাকতে হবে। তিনি জানান, ২০০৬ সালে এটা করার জন্য আইন রয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই ঐ আইন অনুযায়ী করা আবেদনের প্রেক্ষিতে গার্মেন্টসসহ দেশের সব কল-কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৯ মাস বয়সি শিশু উমাইর ও তার মা ইশরাত হাসানের করা এক রিটের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিংমল, বিমানবন্দর, বাস ও রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ঐ রুল বিচারাধীন থাকাবস্থায় এরই মধ্যে দেশের অনেক স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।