ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার কাছে এ তলবি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত পাঠানো ঐ নোটিশে তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কমিশন এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন গত ডিসেম্বরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং একটি অনুসন্ধান টিম গঠন করে। ঐ অনুসন্ধান টিম অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে তাকে তলব করেছে। গতকাল দুদক থেকে পাঠানো নোটিশে তার ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথিসহ অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে।