আইনি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল আইনজীবী সহকারীদের

ইত্তেফাক রিপোর্ট

আইনজীবী সহকারীরা নিজেদের আইনগতভাবে স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করেন কয়েক হাজার আইনজীবী সহকারী। সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালতের আইনজীবী সহকারীরা এ কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচি হতে আইনজীবী সহকারীরা (ল-ক্লার্ক) কাউন্সিল নামের আইন পাশের জন্য সরকারের প্রতি দাবি জানান। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি এই সমাবেশের আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নুর মিয়া। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি এবিএম গোলাম রহমান মোন্নান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

গতকাল বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। ঐ মিছিলটি জাতীয় প্রেসক্লাব, মত্স্য ভবন, শাহবাগ, দোয়েল চত্বর ও শিক্ষা ভবন হয়ে পুনরায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফিরে আসে। শাহবাগে তারা কিছু সময় অবস্থান করেন।