খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গ

প্যারোলে নয়, আইনি প্রক্রিয়ায় মুক্তি চায় বিএনপি ----------- ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে নয়, আইনি প্রক্রিয়ায়ই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপির মহাসচিবের টেলিফোনে আলাপ হয়েছে। সেখানে প্যারোল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সেদিনও বলেছি      যে এই কথাগুলো (প্যারোল) আপনারা তাকে জিজ্ঞাসা করুন না কেন? কারণ আমরা তো প্যারোল নিয়ে কোনো কথা বলিনি আমাদের দল থেকে আজ পর্যন্ত।’ আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি না হলে সেক্ষেত্রে প্যারোলের আবেদন করার সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা তো সম্পূর্ণভাবে তার পরিবারের ব্যাপার, ম্যাডামের ব্যাপার। তারাই সিদ্ধান্ত নেবেন।’

জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের আহ্বায়ক কালাম আজাদসহ নেতা-কর্মীদের নিয়ে বিএনপির মহাসচিব শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জিয়াউর রহমান, কারাবন্দি বেগম খালেদা ও জিয়া পরিবার এবং দেশের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ। এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, তাঁতী দলের সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, গোলাপ মঞ্জু, ফিরোজ কিবরিয়া, আনিসুর রহমান, কাজী মনিরুজ্জামান, রেজাউলি করিম রানাসহ সংগঠনটির হাজারো নেতা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শরীরের যে অবস্থা, তাতে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা বলেছি যে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারাগারের মধ্যে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া উচিত তাদেরই স্বার্থে।’