সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দায়ের করা শতকোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা এসব প্রতিবাদ বিক্ষোভের খবর জানিয়েছেন।
এদিন রাজধানীর ফুলবাড়িয়া ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাস-ট্রাক সংশ্লিষ্ট বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন নুরু, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শাহিন, কার্যকরী সভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময় গাবতলী বাস টার্মিনালের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমেশ চন্দ ঘোষ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মফিজুল হক বেবু, ঢাকা জিলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রমুখ। বক্তারা শাজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন। তারা দাবি করেন, ইলিয়াস কাঞ্চন উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করেছেন।
উল্লেখ্য, শাজাহান খান একটি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ইঙ্গিত করায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন তিনি। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেছে।