বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
দুর্গাপুর (নেত্রকোনা) : ছুটি শেষে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বালিবাহী ট্রাকের চাপায় আবিদা সুলতানা ইশা (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার কৃষ্ণেরচর গ্রামের মাওলানা শরিফুল আলমের মেয়ে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। গতকাল শ্যামগঞ্জ-বিরিশিরি-দুর্গাপুর সড়কের দয়ালবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জ উপজেলার কানসাটে ট্রাক চাপায় ওয়াসিম আলী (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গতকাল কানসাট-চৌডালা সড়কের আব্বাস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তালা (সাতক্ষীরা) : ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে ও সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। গতকাল জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুর-শিবগঞ্জে গতকাল ঘোষগাঁও সেতুর কাছে ইজিবাইকের চাকার সঙ্গে বোরখার ওড়না পেঁচিয়ে ষাটোর্ধ্ব হাজেরা বিবির মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাজেরা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা।
পঞ্চগড় : তেঁতুলিয়ায় দুইটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ দেবীগঞ্জ উপজেলার পামুলির হাট এনায়েতপুর গ্রামের বাসিন্দা এবং ঐ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।