ভাগ্যচক্রে আমি বিরোধী দলীয় নেতা :রওশন

সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কথায় কথায় নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন বলা হয়। নারীর ক্ষমতায়ন কোথায়? এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত দিয়ে নিজেকে স্পিকারকে এবং বিরোধী দলীয় নেতাকে ইশারা করেন। এ দৃশ্য দেখে সংসদে হাসির রোল পড়ে যায়। পরে রওশন এরশাদ বলেন, ভাগ্যচক্রে এটা হয়ে গেছে। আমি লাকি যে বিরোধী দলীয় নেতা হয়েছি।

গতকাল মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং ষষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি। নারীর ক্ষমতায় নিয়ে রওশন এরশাদ বলেন, আমরা কয়েক জন, গুটি কয়েক মহিলা নিয়ে নারীর ক্ষমতায়নের কথা বলা যাবে না। আমাদের শিক্ষার হার দেখতে হবে। মহিলারা কীভাবে অত্যাচারিত হচ্ছে সেটা দেখতে হবে। প্রধানমন্ত্রী হাত দিয়ে তিন জনকে দেখাতে থাকলে বিরোধী দলীয় নেতা বলেন, এটা তো ভাগ্যচক্রে হয়ে গেছে। তিনি বলেন, আমাদের এখানে প্রতিনিয়তই নারীরা অত্যাচারিত হচ্ছেন, শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এটা চলছে অনেক বেশি। এগুলো বন্ধ করা না গেলে নারীর ক্ষমতায়ন কোথায়? এতে তো নারীর ক্ষমতায়ন হয় না।