‘ভাগের মানুষ’-এর একাধিক প্রদর্শনী

g বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার হলে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাগের মানুষ নাটকটির একটি প্রদর্শনী করবে নাট্যদল। পাকিস্তানের বিখ্যাত লেখক সাদত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।

‘জঙ্গি অবক্ষয় দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’—এই শ্লোগান নিয়ে দেশের ৬৪ জেলায় ১২ ফেব্রুয়ারি থেকে একযোগে শুরু হয়েছে ১৮ দিনব্যাপী ‘জাতীয় নাট্যোত্সব ২০২০’। উত্সবেই এদিন নাটকটির ১৮৭তম প্রদর্শনী হবে।

এটি সময়-এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশ ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে। ভাগের মানুষ নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম, মানসুরা রশীদ, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, মাকসুদুল বারী, আনোয়ার, মাসুম, দাউদ, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমুখ।

এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি অনির্বাণ থিয়েটার, দর্শনা আয়োজিত ৮ দিনব্যাপী একুশে নাট্যমেলার সমাপনী দিন ভাগের মানুষ-এর একটি প্রদর্শনী হবে। পরের দিন সময় নাট্যদল কলকাতা রওনা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কলকাতার অনীক নাট্যদলের আয়োজনে শুরু হচ্ছে ‘দ্বাবিংশ গঙ্গা-যমুনা নাট্যোত্সব’। উত্সবে আগামী ১ মার্চ তপন থিয়েটার মঞ্চ, কালিঘাটে সময় নাট্যদল ‘ভাগের মানুষ’ নাটকের একটি প্রদর্শনী করবে।