রংপুর ৪: হয়রানি বন্ধ না হলে কারাবরণের ঘোষণা ঐক্যফ্রন্ট প্রার্থীর

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা না হলে স্বেচ্ছায় কারাবরণ করা হবে বলে জানিয়েছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। সোমবার নগরীর নর্থভিউ হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'আমরা হিংসা-বিদ্বেষ চাই না। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক এটা আমাদের চাওয়া। সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোটাররা ভোট দিলে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অথচ সরকার পক্ষের লোকজন ও প্রশাসন প্রতিনিয়ত তার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি, অফিস ভাঙচুরসহ নানাভাবে হয়রানি করছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলছে না।'

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এভাবে গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে তার দলের লোকজনসহ সাধারণ মানুষ স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।'

সংবাদ সম্মেলন থেকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান বিএনপি নেতা নজির হোসেনকে সোমবার দুপুরে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা জানান এমদাদুল হক ভরসা।

আরও পড়ুনঃ নিরাপত্তাহীনতার অভিযোগে গণসংযোগ প্রত্যাহার করলেন মওদুদ

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙাসহ অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান, 'পুলিশ কোন রাজনীতিবিদকে চেনে না। আমরা মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচিছ।'

ইত্তেফাক/নূহু