আইসিটি বিভাগে প্রথম পেপারলেস সভা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ভাষা আন্দোলনের মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিভাগের সভাকক্ষে দেশে উন্নয়নকৃত বাংলাদেশ ই-গভার্মেন্ট জিআরপি সফটওয়্যারের মাধ্যমে বাংলা ভাষায় সম্প্রতি এক পেপারলেস সভা অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন, অগ্রগতি এবং বিভাগের অধীন বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মুজিববর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সব কার্যক্রম অব্যাহত রাখা, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার দ্রুত বাস্তবায়ন করা ইত্যাদিসহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিমন্ত্রী পরবর্তী সব সভা  ২০২০ সালের মধ্যে লেসপেপার ও ২০২১ সালের মধ্যে পেপারলেস করার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন।

উক্ত প্রথম পেপারলেস সভায় আইসিটি বিভাগের অধীন সব সংস্থাসমূহের প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।