বাংলাদেশ সফরে আসছেন ইউনিডোর মহাপরিচালক

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ং। তিনি আগামী ৩ মার্চ থেকে ৫ মার্চ বাংলাদেশ সফর করবেন। সফরকালে লি ইয়ং পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। মুজিববর্ষ উপলক্ষ্যে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সফরসূচি শুরু করবেন। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাত্ করার কথা রয়েছে। এছাড়া তিনি শিল্প, পররাষ্ট্র, মত্স্য ও প্রাণিসম্পদ, অর্থ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি টেক্সটাইল, শিপবিল্ডিং, ফার্মাসিউটিক্যালসহ বাংলাদেশের উদীয়মান শিল্প খাত সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন। সফরকালে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত সেমিনারে অংশ নেবেন।