টিসি বা ছাড়পত্র ছাড়া ভর্তি সম্পর্কে

শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু নিয়ম-কানুন থাকে এবং সেগুলো মেনে চলা জরুরি। কিন্তু কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাড়পত্র ছাড়া ভর্তি করানো হয়। এটাকে অনিয়মই বলতে হবে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে পাঠের প্রতি মনোযোগী করে তোলা হয়। অথচ বলা-কওয়া ছাড়াই অনেক অভিভাবক তাঁর সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠান বদল করেন। এই দুঃখজনক আচরণের কারণে শিক্ষার্থীর বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা ছেড়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান আর পায় না। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানশিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলে তিনি সদুত্তর দিতে ব্যর্থ হন। এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিসের কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। ফলে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়ায়। পরিশেষে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির এই অনিয়ম ও অব্যবস্থাগুলো সমাধানকল্পে কার্যকর ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় সমীপে বিনীত আবেদন জানাাচ্ছি।

মো. শামছুল আলম

সিংগুরিয়া, বরুড়া, কুমিল্লা