কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চার কিলোমিটার এলাকা জুড়ে ধরলা নদীর ভাঙন থেকে ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে নদী তীরে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের দছিমুদ্দির মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য রাখেন—মোগলবাসা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ। বক্তারা বলেন, মোগলবাসা ইউনিয়নের দছিমুদ্দিন মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত চার কিলোমিটার এলাকা জুড়ে করালগ্রাসী ভাঙনের কবলে পড়েছে।