এখানেই শেষ দেখছে না লিভারপুল

ফেভারিটদের হারের রাত

 স্পোর্টস ডেস্ক

গেল আসরের চ্যাম্পিয়নরা এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়েই বড়ো ধরনের হোঁচট খেল। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে কড়া রক্ষণের পাহারায় গোলের দেখাই পায়নি লিভারপুল। হেরে এসেছে ১-০ ব্যবধানে। যদিও পরাজয়ের পর এখনই চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন ভুলতে নারাজ কোনো ইউর্গেন ক্লপ।

মঙ্গলবার রাতের অপর খেলায় জার্মানি থেকে পরাজয় নিয়ে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেইন। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তারা হেরেছে ২-১ ব্যবধানে। মাদ্রিদে মঙ্গলবার রাতে ম্যাচের চতুর্থ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এই একটা মাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচ শেষে লিভারপুলের জার্মান কোচ ইউর্গেন ক্লপ অবশ্য খুব অসন্তুষ্ট ছিলেন না। তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এমন ম্যাচকে আমি নিজেদের জন্য একটা উন্নতি হিসেবেই দেখতে চাই। এসব ম্যাচের পরিবেশটা যেমন থাকে, তাতে আমাদের মনোযোগ সরে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। আমরা চাইলে দ্বিতীয় গোলও হজম করে ফেলতে পারতাম। তবে সেটা আমরা বা ওরা কেউই হতে দিইনি। প্রথমার্ধেই আমরা ১-০ গোলে পিছিয়ে ছিলাম। সেখানেই খেলাটা আসলে শেষ। তবে এর চেয়ে খারাপ কিছু হয়নি বলে এখনো আমাদের সুযোগ আছে।’

আগামী ১২ মার্চ অ্যানফিল্ডে খেলতে আসবে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচ সামনে রেখে ডিয়েগো সিমিওনের দলের প্রতি কড়া হুঁশিয়ারিই দিয়ে রাখলেন ক্লপ। বললেন, ‘লেগটা এখনো শেষ হয়নি। মনে রাখতে হবে, দ্বিতীয় লেগটা আমাদের মাঠে অনুষ্ঠিত হবে। ওটা ভিন্ন একটা স্টেডিয়াম, ভিন্ন একটা পরিবেশ। আজকে আমি অ্যাটলেটিকোতে অনেক হাসিখুশি মুখ দেখছি। এটা হওয়ার কারণ হলো, মাত্রই এই মাঠে স্বাগতিকেরা বিশাল একটা জয় পেয়েছে। তবে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, এই লড়াই এখনো শেষ হয়নি।’ অ্যানফিল্ডে কড়া লড়াইয়ের আভাস দিয়ে ক্লপ বলেন, ‘যতক্ষণ আমাদের ১১ জন খেলোয়াড়ের শরীরে লিভাপুলের জার্সি আছে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করব। অ্যাটলেটিকো থেকে যারা আমাদের মাঠে যাবেন, তাদের শুধু একটা কথাই বলতে চাই—অ্যানফিল্ডে স্বাগত!’ অন্যদিকে জয়ে বুঁদ হয়ে আছেন অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘আজ আমরা দর্শকদের কাছ থেকে যে অভিবাদন পেয়েছি, সেটা গেল আট বছর সময়ে আমি কখনো দেখিনি। এমন বড় ম্যাচের আগে এই উচ্ছ্বাসটাই আমাদের তাঁতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ম্যাচটা যতটা কঠিন হবে বলে আশা করেছিলাম, তা-ই হয়েছে। ওরা অনেক শক্তিশালী দল, অনেক রকম কৌশল ব্যবহার করে। তবে আমরা শুরু থেকেই ওদের লাগাম টেনে ধরে নিজেদের পারফরম্যান্সে জোর দিতে পারছিলাম। সেটার ফলাফলই পেয়েছি।’ দলের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা দল হিসেবে সম্মিলিতভাবে খেলেছি। আক্রমণভাগের খেলোয়াড়েরাও প্রয়োজনে রক্ষণে নেমেছেন। সবার প্রচেষ্টাতেই এই ফল এসেছে। এটা একটা কঠিন ম্যাচ ছিল, বড়ো দলের বিপক্ষে ম্যাচ যেমন হয় আরকি।’