বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ-জাপান যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ-জাপান যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। দুই দেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব। গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যে জাপান সফর করবেন। এ সময় বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন এবং জাপানের জাপান ফেয়ার ট্রেড কমিশনের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা। তিনি বলেন, উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য জাপানের জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে সম্পর্ক শক্তিশালী করা হচ্ছে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ ইজি অব ডুয়িং বিজনেস র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ায় জাপান খুশি। জাপান আশা করে বাংলাদেশের জিডিপি ডবল ডিজিটে উন্নীত হবে।

তিনি বলেন, বাংলাদেশ চাইলে জাপানের সঙ্গে এফটিএ করতে পারে। তৈরি পোশাক ও ওষুধ জাপানে রপ্তানির সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ হালকা যন্ত্রপাতি উত্পাদনে বেশ ভালো করছে, জাপান এখাতে সহায়তা দিতে আগ্রহী।