ইত্তেফাক রিপোর্ট
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি-জেপি। একুশের প্রথম প্রহরে জেপি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে। একুশে ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় আজিমপুর কবরস্থানে ভাষাশহিদ আবুল, বরকত ও শফিউদ্দিনের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠসহ ভাষাশহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন জেপির নেতাকর্মীরা।
২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে জেপির উদ্যোগে ‘জহুর হোসেন চৌধুরী হলে’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এতে প্রধান অতিথি থাকবেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। এছাড়া বরেণ্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আলোচনায় অংশ নেবেন। জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রত্যেক জেলা শাখাকে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করার জন্য গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।