কুমিল্লা প্রতিনিধি:মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— বোর্ড সচিব প্রফেসর মো. আবদুস ছালাম। ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৬.৯৯ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬২.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার প্রায় ২৪ শতাংশ বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। পাসের দিক থেকে এবার মেয়েদের তুলনায় ছেলেরা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের অধীনে ৬ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর মোট ২ লাখ ৯২ হাজার ৮১১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৮৭৫ জন। এবারের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে ১ লাখ ৭৪ হাজার ১২৬ জন মেয়ে শিক্ষার্থী এবং ১ লাখ ১৮ হাজার ৬৮৫ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অর্থাত্ ছেলেদের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হারের দিক থেকে এবছর মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। চলতি বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৮টি, গতবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬১টি। ছবিতে নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস —ইত্তেফাক