বরিশাল সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক বনি আমিনকে এবারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মহসিনউদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তার কাছে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৯ ফেব্রুয়ারি রবিবার সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অপহরণ করে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে বিমান বন্দর থানায় বনি আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পরদিন সোমবার ঐ ছাত্রীকে ঝালকাঠিতে বনি আমিনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছাত্রলীগ নেতা বনি আমিন। এ অভিযোগের কারণে গত মঙ্গলবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। গত ১০ দিনেও অভিযুক্ত বনি আমিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।