যারা আওয়ামী লীগ করেন তারা প্রাণের টানে করেন ----শ ম রেজাউল করিম

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের যে রোলমডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে এসেছেন সেখান থেকে পেছনে ফিরে তাকানোর সময় আমাদের নেই। বাংলাদেশে দ্বিতীয় কোনো নেতৃত্ব নেই যে শেখ হাসিনার সঙ্গে তুলনা করা যেতে পারে। আওয়ামী লীগ যারা করেন তারা প্রাণের টানে করেন, ভালোবাসার টানে করেন। আওয়ামী লীগের নেতা একজনই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর আমরা সবাই মিলে শেখ হাসিনার কর্মী। তিনি গতকাল বুধবার পিরোজপুরে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সমকালীন রাজনীতিতে শুধু নয়, উপমহাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চেয়ে বেশি সময় কেউ রাজনীতি করেন নাই।

পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল এবং প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদারের সভাপতিত্বে এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা সহসভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক প্রমুখ। সম্মেলনে তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন সভাপতি ও রেজাউল করিম সিকদার মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বরিশাল অফিস জানায়, দুর্নীতি নিয়ে মত্স্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়েছেন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, আমি দুর্নীতি করি না, দুর্নীতি বরদাস্তও করব না। মঙ্গলবার বিকালে বিমানযোগে ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে নগরীর নবগ্রাম রোডস্থ বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমি ইতিপূর্বে যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম সেখানে রূপপুর বিদ্যুেকন্দ্রের অনিয়ম বের করেছি।