রাজধানীর দারুসসালামে আবদুল জলিল মাতব্বর নামে এসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। কুরিয়ার সার্ভিসে পাঠানো একটি পার্সেলে মাদকদ্রব্য পাওয়ার সূত্র ধরে গতকাল বুধবার তাকে আটক করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। সম্প্র্রতি তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। তার পার্সেলে মাদকের পাশাপাশি অস্ত্র-গুলি পাওয়ার কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা ব্যাপক লুকোচুরির আশ্রয় নেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘এমন একটি ঘটনার কথা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’