‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’—ইউটিউবভিত্তিক নতুন লাইভ টকশো শুরু করতে যাচ্ছে ডয়চে ভেলে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ৯টায় ইউটিউবে এই টকশো দেখা যাবে। বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে আলোচনা করবেন। স্কাইপের মাধ্যমে দুজন অতিথি যুক্ত থাকবেন। জার্মানির বন স্টুডিওতে সঞ্চালক থাকবেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।
বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই টকশোর ঘোষণা দেন ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ। নতুন এই শোর প্রেক্ষাপট তুলে ধরেন সঞ্চালক খালেদ মুহিউদ্দীন নিজেই। উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে ইনেস দশরাখ বর্গ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন।
ডয়চে ভেলের নতুন এই ইউটিউব চ্যানেল (https://bit.ly/2SJoeQq) সাবস্ক্রাইব করে দর্শক মতামত জানাতে পারবেন।
দেবারতি গুহ বলেন, “আমাদের বর্তমানে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাধারণত বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানগুলো দেওয়া হয়। কিন্তু এবার আমরা আনছি একটি নতুন ইউটিউব চ্যানেল, যেখানে ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানটি প্রচার করব। ডয়চে ভেলে সব সময় মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। এই সময়ে শুধু দক্ষিণ এশিয়া নয়, ইউরোপের বিভিন্ন দেশেও উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। বাক্-স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে যত্রতত্র।’