তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয়, তারা বেগম জিয়ার মুক্তি নয়, বন্দিদশা আর স্বাস্থ্য নিয়ে রাজনীতিই করতে চায়।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ‘বিভিন্ন সময় বিএনপি’র বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে বেগম জিয়ার স্বাস্থ্য ও তাকে মুক্ত করা নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈততা, মতভেদ, সেটিই প্রকাশ পাচ্ছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘এতে মনে হয়, তারা বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেই এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করেই রাজনীতিটা করতে চায়। তাদের কথাবার্তায় এটিই মনে হয়, বেগম জিয়ার মঙ্গল খুব একটা তারা চায় না।’
বেগম জিয়ার মুক্তি দাবির বিষয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গতকাল দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি প্যারোলোর কোনো কথা বলেন নাই। পরিবারের পক্ষ থেকে শুনি, পত্রপত্রিকাতেও দেখেছি, বেগম জিয়াকে প্যারোলো মুক্তি দিতে হবে, যদিও এ ব্যাপারে কোনো আবেদন করা হয় নাই। মির্জা ফখরুল সাহেব একবার বলেন, তারা আইনের মাধ্যমে মুক্তি লাভ করতে চান। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন।’
এসময় ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অদম্য গতিতে এগিয়ে চলছে, কেউ স্বীকার করুক বা না করুক; বা কেউ দেখেও না দেখার ভান করুক, এটিই আজকে বাস্তবতা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা দেখে না দেখার ভান করে, তাদের রাজনীতিটা আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। তাদের গত কয়েক মাসের বক্তব্য-বিবৃতি শুনলে এবং পড়লে মনে হবে তাদের রাজনীতির মূল বিষয় বেগম খালেদা জিয়ার অসুস্থতা। সারাদেশে এত মানুষ অসুস্থ, সেগুলো নিয়ে কোনো কথা নাই। বিরোধী দলের দায়িত্ব ছিল সমালোচনার মাধ্যমে দেশ যাতে আরো বিশুদ্ধভাবে পরিচালিত হয়, সেদিকে দৃষ্টিপাত করা।
ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক পিলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বক্তব্য দেন।