মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্যে ভারত থেকে আমরা ভালো কিছু পাইনি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি পছন্দ করেন বলে জানিয়েছেন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনের সফরে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে এমন মন্তব্য ভারতে অস্বস্তি তৈরি করেছে। খবর ইন্ডিয়া টাইমস ও আনন্দবাজার পত্রিকার
প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হওয়ার কথা। কিন্তু নানা বিষয়ে মতানৈক্য ধরা পড়েছে দুই দেশের মধ্যে। যেমন, দিল্লি চায় ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করুক ওয়াশিংটন। বিনা শুল্কে মার্কিন বাজারে নির্দিষ্ট কিছু ভারতীয় পণ্যকে ঢুকতে দেওয়া হোক। একইভাবে ভারতে স্বাধীনভাবে কৃষিজাত পণ্য এবং চিকিত্সা যন্ত্রাংশের ব্যবসা করতে চায় মার্কিন সরকার। ডিজিটাল পণ্যসহ তাদের একাধিক পণ্য থেকে ভারত শুল্ক প্রত্যাহার করুক, এমনটাও দাবি তাদের।
মঙ্গলবার প্রিন্স জর্জ কাউন্টিতে মিডিয়ার মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। পাশাপাশি ভারতের সঙ্গে দ্রুত বড়ো ধরনের বাণিজ্য চুক্তি নিয়েও সংশয় প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ভারতের জন্য বড়ো কিছু ভেবে রেখেছেন তিনি। তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাতে সিলমোহর পড়ার কোনো সম্ভাবনা প্রায় নেই। বাণিজ্য চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অন্যদিকে, দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির কাজটি সম্পন্ন করতে ট্রাম্পের আগেই ভারতে এসে পৌঁছানোর কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজারের। সেই মতো বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে ফোনে একাধিকবার কথাও হয়েছে তার। কিন্তু তাতেও দুই দেশের মধ্যে বাধা হয়ে থাকা সমস্যাগুলোর সমাধানসূত্র বের হয়নি। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, লাইথিজারের ঐ প্রস্তাবিত সফরই অনিশ্চিত হয়ে পড়েছে।