নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নবীনগরে একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে গত রবিবার সন্ধ্যায় সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে ‘সুজন’ আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠান হয়। সুজন নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী এবাদুল করিম বুলবুল, জাসদ প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ্ জিকরুল আহম্মদ খোকন, বিএনপি প্রার্থী কাজী নাজমূল হোসেন তাপস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ শাহিন খান, ইসলামী ঐক্যজোটের মাওলানা মেহেদী হাসান, জাকের পার্টির মোঃ রশিদউল্লাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওসমান গনি রাসেল, বিকল্প ধারার তানভীর মনিরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী একেএম আশরাফুল আলম।
প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারে নবীনগরবাসীর কল্যাণে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও নানা বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্তসহ দুর্নীতি সন্ত্রাসমুক্ত নবীনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনতার নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সমন্বয়ক আবদুল হালিম। সুজনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা সুজনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা সুজনের সহ-সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল। পরে প্রার্থীদের নবীনগরবাসীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ও ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।