মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুসারে পদত্যাগ করেছেন পেন্টাগনের শীর্ষ নীতি-নির্ধারণী কর্মকর্তা জন রুড। গতকাল বুধবার ট্রাম্পকে লেখা এক চিঠিতে জন রুড বলেন, প্রেসিডেন্টের চাওয়া অনুসারে আমি পদত্যাগপত্র দিচ্ছি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি জন রুড মার্কিন মিত্র দেশ ও অংশীদার দেশগুলোর সঙ্গে পেন্টাগনের সম্পর্ক রক্ষার বিষয়টি দেখভাল করেন।
গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির বিষয়ে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন। এজন্য ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আটকে দেন তিনি। জন রুড ট্রাম্প প্রশাসনকে এই সহায়তা আটকে দেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউক্রেন ইস্যুতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্প ইমপিচমেন্টের মুখে পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে এক বার্তায় দেশের সেবার জন্য রুডকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে বিচার বিভাগ ও বিভিন্ন মামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক টুইটে বিরক্ত ও হতাশার কথা জানিয়েছিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এবার জানা গেছে, বিরক্ত হয়ে তিনি পদত্যাগের কথাও ভেবেছিলেন। এই বিষয়টি তিনি ঘনিষ্ঠ লোকদের কাছে বলেছেন। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছেন। তবে বারের একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের এখনই পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।