'দেশ সেরা' হাসপাতালে চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু

বোয়ালমারী উপজেলা সরকারি হাসপাতালে গত ২৩ ডিসেম্বর রাতে চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নবজাতকের স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা হাসপাতালের কর্মরত ডাক্তার ও নার্সদের ওপর চড়াও হয়। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস মীমাংসা করা হবে বলে আশ্বাস দিয়ে মৃত নবজাতকসহ গভীর রাতে বিক্ষুব্ধ স্বজনদের নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, 'উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জুয়েলের স্ত্রী ফারজানা (২০) রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস তাকে ভর্তি করেন। রাত ৭ টা ১০ মিনিটে স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) একটি কন্যা সন্তান জন্ম দেয়। ৮টার সময় নবজাতকের মৃত্যু হয়।'

নবজাতকের পিতা জুয়েল জানায়, 'জন্মের পর তার কন্যা শিশু সুস্থ ছিল। ডাক্তার দেখানোর জন্য বলা হলেও সেবিকা কোন ডাক্তার ডাকেননি। সেবিকাদের অবহেলায় শিশুটি মারা গেছে।'

দায়িত্বে থাকা স্টাফ নার্স রোকেয়া বেগম বলেন, 'অপরিণত বয়সে শিশুটি জন্ম নেয়। জন্মের পর শিশুটিকে তার স্বজনদের নিকট দেওয়া হয়। তখন সে সুস্থ ছিল। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় তিনি বাসায় চলে যান। শিশুটি মারা যাওয়া কথা পরে জানতে পারেন তিনি।' এ ব্যাপারে তার কোন অবহেলা নেই বলে নার্স জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি বিশেষজ্ঞ না থাকায় সেবিকারাই ডেলিভারির কাজ করে থাকে বলে জানা গেছে। নার্স আরও জানান, 'তাদের হাতে এ পর্যন্ত কোন শিশু মারা যায়নি। তাদের জন্যই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি সেবায় দেশ সেরার পুরস্কার পেয়েছে।'

ইত্তেফাক/নূহু